বিজ্ঞাপন

নারী ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড ভারতীয় তারকার

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড ভারতীয় তারকার

মাত্র ৪ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়েছে হংকংয়ের মেয়েরা। নারী এশিয়া কাপে তারা ভারতের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য তাড়ায় স্রেফ ৫৬ রানে অলআউট হয়েছে। টি-টোয়েন্টিতে ভারতকে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৭ রানে জয়ের পথে ঝোড়ো সেঞ্চুরি করেন ওপেনার স্মৃতি মান্ধানা। একইসঙ্গে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটাও এখন তার দখলে।

তিন ফরম্যাট মিলিয়ে স্মৃতির রান এখন ১০,৮৮০। হংকং ম্যাচেই তিনি নিজের পূর্বসূরী মিথালি রাজকে ছাড়িয়ে গেলেন। ভারতীয় সাবেক অধিনায়ক ৩৩৩ ম্যাচে ১০,৮৬৮ রান করেছিলেন। এ ছাড়া মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় যথাক্রমে আছেন নিউজিল্যান্ডের সুজি বেটস (৩৭০ ম্যাচে ১০,৭৪০ রান), ইংল্যান্ডের চার্লট এডওয়ার্ডস (৩০৯ ম্যাচে ১০,২৭৩ রান) এবং ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেইলর (৩১৮ ম্যাচে ১০,০০৭ রান)।

হংকংয়ের বিপক্ষে ভারতকে ১৯৩ রানের বড় সংগ্রহ গড়ে দেওয়ার পথে স্মৃতি মান্ধানা ৬৪ বলে ১৪ চার ও ৭ ছক্কায় ১২৪ রানের ইনিংস খেলেছেন। এটি প্রথম কোনো ভারতীয় নারী ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি এবং নারী এশিয়া কাপের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস (আগের সর্বোচ্চ ১১৯ চামারি আতাপাত্তুর)। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ফরম্যাটটিতে আর একটি সেঞ্চুরি আছে অধিনায়ক হরমনপ্রীত কৌরের।

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও গড়ে ফেললেন মান্ধানা। ১৮তম সেঞ্চুরিতে তিনি ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি মেগ ল্যানিং ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টকে। আন্তর্জাতিক ক্রিকেটে দুজনেরই সেঞ্চুরি ১৭টি করে।

Image

বিশ্বের প্রথম কোনো নারী ক্রিকেটার হিসেবে স্মৃতি মান্ধানা সর্বোচ্চ চারটি ক্যালেন্ডার ইয়ারে টি-টোয়েন্টিতে ৫০০-এর বেশি রান করেছেন। ২০১৮, ২০২২ ও ২০২৪ সালের ওই কীর্তি গড়লেন চলতি বছরে। এ ছাড়া তিনবার করে টি-টোয়েন্টির এক পঞ্জিকাবর্ষে ন্যূনতম ৫০০ রান করার নজির আছে চামারি আতাপাত্তু, লরা উলভার্ট, এশা ওজা ও শেফালি ভার্মার। 

আন্তর্জাতিক সর্বোচ্চ পঞ্চাশোর্ধ রানের ইনিংসেও মিথালি রাজকে ছুঁয়েছেন স্মৃতি। দুজনেরই এমন ইনিংসের সংখ্যা ৯৩টি করে। তাদের পেছনে থাকা চার্লট এডওয়ার্ডস পঞ্চাশোর্ধ রান করেছেন ৮০ বার। এ ছাড়া কেবল টি-টোয়েন্টির হিসাবে আগে থেকেই সর্বোচ্চ ফিফটি প্লাস রানের রেকর্ডটা স্মৃতি মান্ধানার দখলে ছিল। সেই সংখ্যাকে এবার তিনি ৩৭-এ নিয়ে গেলেন। ফরম্যাটটিতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ বার পঞ্চাশোর্ধ রান করেছেন সাবেক অজি অধিনায়ক বেথ মুনি।

এএইচএস