বিজ্ঞাপন

লর্ডস টেস্ট বয়কটের কথা কি আসলেই ভেবেছিল পাকিস্তান, উত্তর দিলেন বাবর

লর্ডস টেস্ট বয়কটের কথা কি আসলেই ভেবেছিল পাকিস্তান, উত্তর দিলেন বাবর

কারাবন্দী ইমরান খানকে নিয়ে সরগরম ক্রিকেট অঙ্গন। ভিনদেশী সাবেক আন্তর্জাতিক অধিনায়ক থেকে শুরু করে পাকিস্তানের সাবেক অধিনায়করাও তার প্রতি সংহতি জানিয়েছেন। তবে লর্ডস টেস্ট চলাকালে ইমরানের দুই ছেলের একটি সাক্ষাৎকার হইচই ফেলে দিয়েছিল। 

সাক্ষাৎকারটি সম্প্রচার বন্ধ না করা হলে লাঞ্চ ব্রেকের পর মাঠে না নামার হুমকি দিয়েছিল পাকিস্তান। মাঠের বাইরের এই বিতর্কিত ঘটনার সঙ্গে ইংল্যান্ডের কাছে ১৯৪ রানের বিশাল ব্যবধানে হার—সব মিলিয়ে পাকিস্তানে ক্রিকেটে টালমাটাল অবস্থা। ম্যাচের পর অধিনায়ক বাবর আজমের কাছে জানতে চাওয়া হয়েছিল, প্রথম দিন দ্বিতীয় সেশনে মাঠে না নামার ব্যাপারে পাকিস্তান ক্যাম্পে কোনো কথাবার্তা হয়েছিল কি না।

বাবরের সোজাসাপ্টা উত্তর, ‘না, না। আমি এই ব্যাপারে কিছু শুনিনি।’ তার কাছ থেকে উত্তর বের করতে অন্য কৌশলে প্রশ্ন করা হয়েছিল। এই ব্যাপার ঘিরে কোনো আলোচনা সম্পর্কে অবগত ছিলেন কি বাবর? আবারও তিনি বলেন, এ ব্যাপারে তার ধারণা নেই। তার কথা, ‘না, আমি এটা নিয়েই কিছুই জানি না।’ 

লর্ডসে পাকিস্তান ও স্বাগতিক ইংল্যান্ডের টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খানের সাক্ষাৎকার সম্প্রচার করে হইচই ফেলে দিয়েছে ইংলিশ গণমাধ্যম স্কাই। বেশ ক্ষুব্ধ হয়েছিল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি পরিচালিত ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রচার বন্ধ না হলে বিরতির পর তারা আর মাঠে নামারও ঘোষণা দিয়েছিল। তবে সাক্ষাৎকার সম্প্রচার ও খেলা কোনোটাই বন্ধ থাকেনি।

এফএইচএম