বিজ্ঞাপন

কমিশনার-আইজিপির আকস্মিক পরিদর্শনের পর তেজগাঁও ও পল্টনের ওসি প্রত্যাহার

কমিশনার-আইজিপির আকস্মিক পরিদর্শনের পর তেজগাঁও ও পল্টনের ওসি প্রত্যাহার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করে সংযুক্ত করা হয়।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন- তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

আদেশে আরও বলা হয়, তাদের প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট ২০২৬ তারিখ থেকেই কার্যকর হবে।

তবে পুলিশ সূত্র বলছে, শুধু ‘প্রশাসনিক কারণ’ নয়, দিনের বিভিন্ন ঘটনায় দুই কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শনিবার বিকেলে আকস্মিকভাবে তেজগাঁও থানায় পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী থানার ওসিকে সেখানে পাননি। পরে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সরেজমিনে দেখেন।

এরপর সন্ধ্যায় পল্টন মডেল থানা পরিদর্শনে যান পুলিশপ্রধান ও ডিএমপি কমিশনার। সূত্র জানায়, সেখানে ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খানকে সিভিল পোশাকে পাওয়া যায়। এ সময় থানার কিছু কার্যক্রমেও অসংগতি তাদের নজরে আসে।

পুলিশের একাধিক সূত্র জানায়, এসব বিষয় নিয়ে পরিদর্শনের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই তেজগাঁও ও পল্টন মডেল থানার দুই ওসিকে প্রত্যাহারের আদেশ জারি করা হয়।

এসএএ/জেআই