বিজ্ঞাপন

যুব মহিলা লীগের সহ-সভাপতি মোনালিসা ইসলাম তিন দিনের রিমান্ডে

যুব মহিলা লীগের সহ-সভাপতি মোনালিসা ইসলাম তিন দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর নিউমার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (বৃহস্পতিবার) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন। মোনালিসা ইসলামের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ দিন আদালতে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্র পক্ষে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে মোনালিসা ইসলামকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিচারক।

অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, মেহেরপুরের ৮ মামলায় এবং ঢাকায় করা দুদকের এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মোনালিসা ইসলাম। তিনি যখনই কারামুক্ত হবে ঠিক তখনই মুক্তি আটকাতে তাকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আজ তাকে রিমান্ডে নেওয়া হলো; যা সম্পূর্ণ অযৌক্তিক এবং ন্যায় বিচারের পরিপন্থি। এ নিয়ে তার নামে মোট দশটি মামলা করা হলো।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।

ঘটনার পর নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে ওই বছরের ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়। গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন। 

এনআর/বিআরইউ/এনএফ