বিজ্ঞাপন

কোক স্টুডিওতে ফের ‘মেঘদল’

নতুন আয়োজনে চা-শিল্পীদের শতবর্ষী গান

নতুন আয়োজনে চা-শিল্পীদের শতবর্ষী গান

কোক স্টুডিও বাংলার নতুন গান নিয়ে ফের শ্রোতাদের সামনে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’। সিজন ৪-এর চতুর্থ গান ‘মুল্লুক’-এ উঠে এসেছে বাংলাদেশের চা-বাগানের চা-শিল্পীদের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা শতবর্ষের পুরোনো এক ইতিহাস।  

দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা সংগীতে নিজস্ব অবস্থান তৈরি করা ‘মেঘদল’ মূলত চা-শিল্পীদের জীবন ও ঐতিহাসিক ‘মুল্লুক চলো আন্দোলন’ থেকে অনুপ্রেরণা নিয়ে গানটি সাজিয়েছে। ‘পিঞ্জরাকে পুষল ময়না’–এর ঐতিহ্যবাহী পঙ্‌ক্তি ও সুরকে ভিত্তি করে শিবু কুমার শীলের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই চা-শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি। শ্রীমঙ্গলের ঢোলের ছন্দের সঙ্গে চা-শিল্পীদের আবেগঘন কণ্ঠ এবং মেঘদলের সমকালীন সংগীতধারা গানটিতে এক অনন্য মাত্রা তৈরি করেছে, যেখানে ফুটে উঠেছে নিজের মাটিতে ফিরে যাওয়ার আকুলতা, পরিচয় ও আপন ঘরের সন্ধান।

কোক স্টুডিও বাংলা জানিয়েছে, ‘মুল্লুক’ গানটির গল্প শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ইতিহাসেই সীমাবদ্ধ নয়; বরং আপন মাটি ও ঘরে ফেরার আকাঙ্ক্ষা মানুষের এক চিরন্তন অনুভূতি। লোকসংগীতের শিকড় ও আধুনিক পরিবেশনার এই মেলবন্ধনে গানটি একদিকে যেমন চা-শিল্পীদের সংগ্রামকে স্মরণ করিয়ে দেয়, অন্যদিকে তেমনি প্রতিদিন নিরলস পরিশ্রম করে সুন্দর আগামীর স্বপ্ন দেখা প্রতিটি মানুষের নিজস্ব ঠিকানায় ফেরার আকুলতাকে ফুটিয়ে তোলে।

কোক স্টুডিওর সেট থেকে 'মুল্লুক' গানের দৃশ্য

আরও পড়ুন

এর আগে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে লোকঐতিহ্যের সঙ্গে সমকালীন সংগীতের মেলবন্ধন ঘটিয়ে শ্রোতাদের ‘বনবিবি’ গানটি উপহার দিয়েছিল ‘মেঘদল’। লোকশিল্পী জহুরা বাউলের সঙ্গে মেঘদলের সেই যৌথ পরিবেশনায় সুন্দরবনের লোকগাথা, প্রকৃতি, বাঘ ও জঙ্গলবাসীর বিশ্বাসের পাশাপাশি স্থান পেয়েছিল ‘খনার বচন’। শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমনের লেখা এবং মেঘদলের সুর ও সংগীত পরিচালনায় তৈরি সেই গানটি দারুণ শ্রোতাপ্রিয়তা কুড়িয়েছিল।

কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর ‘মুল্লুক’ গানটি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং কোক স্টুডিও বাংলার অফিসিয়াল চ্যানেলে শোনা যাচ্ছে। গানটি রিলিজ হবে আজ রাত ৮টায়। 

ডিএ