বিজ্ঞাপন

২৭ সেপ্টেম্বর শুরু ডিপ্লোমার বিভিন্ন পর্বের ক্লাস, জানুয়ারিতে পরীক্ষা

২৭ সেপ্টেম্বর শুরু ডিপ্লোমার বিভিন্ন পর্বের ক্লাস, জানুয়ারিতে পরীক্ষা

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। 

নতুন সূচি অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের ক্লাস এবং অষ্টম পর্বের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শুরু হবে। আর ২০২৭ সালের ৩১ জানুয়ারি থেকে এসব পর্বের পর্ব সমাপনী পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত সংশোধিত বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের ক্লাস শুরু হবে। একই দিন থেকে অষ্টম পর্বের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টও শুরু হবে। এর আগে ১৮ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টিসি বা পিসি প্রেরণ, পর্ব পরিকল্পনা, পাঠ পরিকল্পনা প্রণয়ন এবং ব্যবহারিক ক্লাসের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

নতুন শিক্ষার্থীদের জন্য প্রথম পর্বের (সেশন ২০২৬-২০২৭) ক্লাস শুরু হবে ১১ অক্টোবর থেকে। এর মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১৩ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রথম, তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের পর্বমধ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সময়ে অষ্টম পর্বের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কার্যক্রম চলবে।

এরপর, ৩০ ডিসেম্বর থেকে প্রথম, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের ফরম ফিল-ইন কার্যক্রম শুরু হবে। পরীক্ষাসংক্রান্ত প্রস্তুতি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত বর্ষপঞ্জির পরবর্তী ধাপে ২০২৭ সালের জানুয়ারি মাসজুড়ে অ্যাকাডেমিক ও পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম চলবে। ১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত প্রথম, তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের ক্লাস এবং অষ্টম পর্বের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট অব্যাহত থাকবে। এরপর ৩১ জানুয়ারি থেকে এসব পর্বের পর্ব সমাপনী পরীক্ষা শুরু হবে।

এমন উদ্যোগের বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, এই পাঁচ মাসের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার লক্ষ্য হলো অ্যাকাডেমিক কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন করা এবং সেশনের অপচয় রোধ করতে শিক্ষাপঞ্জি সংশোধন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষা গ্রহণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রবিধান-২২ ও শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী ব্যবহারিক ক্লাসসহ পূর্ণাঙ্গ ক্লাস রুটিন তৈরি করে তা বোর্ডে পাঠাতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বর্ষপঞ্জি অনুযায়ী অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার ঘোষিত ছুটি ও জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে যথাযথ মর্যাদায় দিবসগুলো পালন করতে বলা হয়েছে। একই সঙ্গে বিধি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া, প্রথম পর্বের সিলেবাস পরীক্ষা শুরুর আগেই শেষ করার জন্য প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানভিত্তিক অতিরিক্ত ক্লাস নেওয়ার পরিকল্পনা করতে বলা হয়েছে। 

আরএইচটি/জেআই