বিজ্ঞাপন

১৩ জুলাই এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট

১৩ জুলাই এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট

বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার অধীন এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে পারেনি– এমন পরীক্ষার্থীদের মধ্যে যারা পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিজ নিজ কেন্দ্রে নিবন্ধন করেছে, তাদের পরীক্ষা ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, ওই দিন সকাল ১০টায় ঢাকা মহানগরের কেন্দ্র ঢাকা-৫১, কেন্দ্র কোড-১১৮, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশীবাজার, চকবাজার, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অর্থাৎ সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের পুনর্নিবন্ধনের সুযোগ দেয় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের নির্দিষ্ট বিষয়ের পরীক্ষার্থীদেরও এ সুযোগ দেওয়া হয়।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছিল, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা পুনর্নিবন্ধনের মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

একইভাবে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষার্থীদেরও পুনর্নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। আগ্রহী পরীক্ষার্থীদের ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ কেন্দ্রে পুনর্নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছিল। পরে কেন্দ্রগুলোকে ৩০ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত পরীক্ষার্থীদের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ২৩ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্র জানিয়েছিল, বৈরী আবহাওয়ার কারণে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ক্ষতিগ্রস্ত পরীক্ষাগুলোর অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় পুনর্নিবন্ধনের সুযোগ দেওয়া হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের জন্য সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬২৬টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্র রয়েছে।

আরএইচটি/বিআরইউ