বিজ্ঞাপন

ফ্যামিলি কার্ডের নিয়োগে দলীয়করণের অভিযোগ জামায়াতের

ফ্যামিলি কার্ডের নিয়োগে দলীয়করণের অভিযোগ জামায়াতের

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির জরিপ কার্যক্রমে ইউনিয়ন ভিত্তিক সুপার ভাইজার ও গণনাকারী নিয়োগে দলীয় করণের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদানের তালিকা প্রণয়নেও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ করা হয়েছে।

সোমবার (২৪আগষ্ট) রাত ১০টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির মাষ্টার মোঃ মনিরুজ্জামান ফরাজী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ইউনিয়নভিত্তিক সুপারভাইজার ও গণনাকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত সময়ে বাছাই ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। তবে ফলাফল প্রকাশের পর তারা ‘আশাহত, মর্মাহত ও ক্ষুব্ধ’ হয়েছেন। এ সময় জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মো. শাহাদাৎ হোসাইন ও উপজেলা সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খানসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াত নেতাদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় বিরোধী মতের প্রার্থীদের উপেক্ষা করে দলীয় ও আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি অতীতে চার-পাঁচবার এ ধরনের গণনা কার্যক্রমে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করা ব্যক্তিদেরও বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, নিয়োগ অনুষ্ঠানের দিন দলীয় নেতাকর্মীরা বিরোধী মতের প্রার্থীদের গালিগালাজ, হুমকি-ধমকি দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নেওয়ার জন্য চাপ দেন। পরবর্তীতে প্রকাশিত ফলাফলে দলীয় কর্মীদের ‘নগ্নভাবে নিয়োগ’ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। জামায়াত নেতারা অবিলম্বে ওই নিয়োগ বাতিল করে পুনরায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন।

এ ছাড়া মোরেলগঞ্জ উপজেলার ইউনিয়নভিত্তিক ১৫টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদানের জন্য তালিকা তৈরির কাজেও দলীয়করণের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা। জনগণের করের অর্থে প্রদেয় এসব সরকারি ভাতা মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত ব্যক্তিদের দেওয়ার দাবি জানান জামায়াত নেতারা।

শেখ শামীম হাসান/এমটিআই

বিজ্ঞাপন