কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য রাখার সময় আবদুল মালেক নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে লালমাই উপজেলার বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদরাসার মিলনায়তনে লালমাই থানা পুলিশ আয়োজিত মাদকবিরোধী সমাবেশে এ ঘটনা ঘটে।
আবদুল মালেক পাশের লাকসাম পৌরসভার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সুরুজ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।
লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদরাসার মিলনায়তনে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করে লালমাই থানা পুলিশ। এতে লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রদীপ চক্রবর্তী, লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার উল্যাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদ জাবেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বেলঘর উত্তর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে ৪টার দিকে অধ্যক্ষ আবদুল মালেক মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক বক্তব্য শুরু করেন। বক্তব্যের একপর্যায়ে হঠাৎ তিনি মেঝেতে ঢলে পড়েন। তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মিজানুর রহমান বলেন, তিনি যখন বক্তব্য রাখছিলেন আমিসহ অন্যান্য অতিথিরা মঞ্চে উপস্থিত ছিলেন। হঠাৎ দেখলাম তিনি মেঝেতে ঢলে পড়লেন। হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যু হয়ে থাকতে পারে। তার মৃত্যুটি আমাদের সকলকেই মর্মাহত করেছে। জানাজা মঙ্গলবার সকালে তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে বলে জেনেছি। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।
আরিফ আজগর/এমটিআই
