বিজ্ঞাপন

মাগুরায় ১২ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস করল প্রশাসন

মাগুরায় ১২ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস করল প্রশাসন

মাগুরায় অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা এসব জাল ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

শনিবার (২২ আগস্ট)  সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া বাজার ও বুরাইল বিলে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুল্লিয়া বাজারে অপূর্ব রায়ের বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ১৩৫ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এসব জালের পরিমাণ আনুমানিক ১০ হাজার মিটার। এ ঘটনায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

পরে বুরাইল বিল এলাকায় অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন ধরনের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। সব মিলিয়ে অভিযানে প্রায় ১২ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেরুন্নাহার বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। নদী ও জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ এসব জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নদী-খাল ও বিলে নিষিদ্ধ জাল ব্যবহার না করার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। জলজ সম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা প্রয়োজন।

তাছিন জামান/এমটিআই

বিজ্ঞাপন