সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত ১০ জন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। তবে তাৎক্ষণিক তাদের পূর্ণাঙ্গ পরিচয় জানা সম্ভব হয়নি।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
নিহতদের মধ্যে রয়েছেন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল, বিষা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ, সুমন ও পারকাসুন্দা গ্রামের জালাল, উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ।
জানা গেছে, খোরদাম শহরের ওই কারখানায় আগুন লাহার পর মুহূর্তেই তা ভয়াবহ আকার ধারণ করে। নিহতরা জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়ে ওই সোফা কারখানায় কর্মরত ছিলেন। অনেক পরিবার এখনো তাদের স্বজনের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউএনও মো. মনিরুজ্জামান।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আগুনে নওগাঁর আত্রাই উপজেলার এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
মনিরুল ইসলাম শামীম/এমএসএ
